
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে, যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের মাত্রা বেড়ে যায়।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো দৃশ্যমান না থাকায় চালকরা প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন চালান। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, সড়কটি শুধু একটি ওয়ার্ডের মানুষের চলাচলের পথ নয়, আশপাশের এলাকার যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় জনদুর্ভোগ বাড়ছে, পাশাপাশি যানবাহনের ক্ষয়ক্ষতি ও সময় অপচয় হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
নিজস্ব সংবাদ : 


















