
আক্তার হোসাইন ও রাকিব হোসেনঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেনের প্রার্থিতা নিয়ে সরব হয়ে উঠেছেন তার অনুসারীরা। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি সামনে রেখে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করেছেন। ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোতেও উন্নয়নের সুবিধা পৌঁছে দিতে তিনি ভূমিকা রেখেছেন বলে স্থানীয়দের ভাষ্য।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন আ.ক.ম মোফাজ্জল হোসেন। এলাকার মানুষের নানা সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার একটি রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি হয়েছে।
জাঙ্গালিয়ার উন্নয়নকে আরও এগিয়ে নিতে হলে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবেন।
বিশেষ করে গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন তারা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আ.ক.ম মোফাজ্জল হোসেন দলটির আদর্শ ও দর্শনকে ধারণ করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে তিনি গুরুত্ব দেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া সম্পর্কে আ.ক.ম মোফাজ্জল হোসেনের ঘনিষ্ঠজনরা জানান, জাঙ্গালিয়ার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবারও নির্বাচনী মাঠে নামতে চান। তার লক্ষ্য—অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়নকে আরও গতিশীল করা।
আ.ক.ম মোফাজ্জল হোসেন বলেন, “জাঙ্গালিয়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, সেটিই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ দায়িত্ব দিলে জাঙ্গালিয়ার উন্নয়নে আগের চেয়েও বেশি কাজ করতে চাই।”
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাঙ্গালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। সাবেক চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেনের প্রার্থিতা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তারা আবারও জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.ক.ম মোফাজ্জল হোসেনকে দেখতে চায়।
নিজস্ব সংবাদ : 


















