
শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে গাজীপুরে বেসরকারি বিদ্যালয় (কেজি স্কুল) শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তিস্তা গেট সংলগ্ন ইউনাইটেড মডেল একাডেমির চতুর্থ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সহধর্মিনী মেহনাজ সরকার শিল্পী।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন এবং গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ২০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ তৈরি করতে হবে। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, কেজি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ শিশুদের মোবাইল ও অনলাইননির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে সহায়ক হবে। শিশুদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়। ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব সংবাদ : 


















