
অপরাধ দমনে শুধু নির্দেশনা নয়, মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, গরু চুরি, সড়ক নিরাপত্তা, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যে কোনো মূল্যে দেশ থেকে মাদক নির্মূলে সরকার অঙ্গীকারাবদ্ধ। টঙ্গীর মাজার বস্তিসহ জেলার প্রতিটি অপরাধপ্রবণ এলাকায় দৃশ্যমান ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানের চিত্র তুলে ধরেন। তিনি জানান, রাজউকের জমিতে গড়ে ওঠা ওই অবৈধ বস্তিটি মাদকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সেখানে অভিযান পরিচালনায় নানা বাধার মুখোমুখি হতে হচ্ছে পুলিশকে। এ কারণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন মাদক ও চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান প্রশাসন ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করে সরকারের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। আগামী সভায় প্রতিটি বিভাগের নির্ধারিত দায়িত্ব ও কাজের অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নিজস্ব সংবাদ : 


















