
‘মাদক বর্জন করি, কিশোর গ্যাং ত্যাগ করি; সুস্থ সমাজ ও জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হলো ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। জমজমাট এ প্রতিযোগিতার ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে প্রতিযোগিতায় মোট চারটি দল অংশ নেয়।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যেতে বসা কাবাডি খেলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার পাশাপাশি তরুণদের মাদক, অপসংস্কৃতি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ফাইনালে গাজীপুর সদর মেট্রো থানা ও কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দল মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। খেলার মাঝপথে তপ্ত রোদের পরিবর্তে নেমে আসে ঝুম বৃষ্টি। বৃষ্টি ও কাদামাটির মাঠ উপেক্ষা করে খেলোয়াড়েরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন অব্যাহত রাখেন। এতে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়। শেষ পর্যন্ত কাশিমপুর থানাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী পর্বে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার বলেন, যুবসমাজকে সুস্থ ও স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি এটিকে পেশা হিসেবে গড়ে তোলার উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দিকনির্দেশনায় আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চায় তরুণদের মনোযোগী করা গেলে তাদের চিন্তা-চেতনা ও মননশীলতায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের পথ আরও সুগম হবে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এ সময় গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেনসহ গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















