
কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) “কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টার (আইভিসিআর–১)-এ এ প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়; বরং এটি কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির একটি শক্তিশালী সহায়ক প্রযুক্তি।”
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাখাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যভিত্তিক ও কার্যকর হচ্ছে। রুটিন কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীরা সৃজনশীল ও কৌশলগত কাজে অধিক সময় দিতে পারছেন। তবে চাকরির নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সঠিক নীতিমালা, মানবিক মূল্যবোধ ও দক্ষ জনবল নিশ্চিত করা গেলে এআই আশীর্বাদে পরিণত হবে; অন্যথায় তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অধ্যাপক শামীম বলেন, ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিংভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণ, একাডেমিক সাপোর্ট জোরদার এবং প্রশাসনিক দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব, যা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও প্রশাসনে বাস্তবভাবে প্রয়োগযোগ্য একটি কার্যকর প্রযুক্তি, যা সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা বৃদ্ধি, সময় ও ব্যয় সাশ্রয় এবং মানবসম্পদের দক্ষতা উন্নয়নে সহায়ক।” তিনি আরও বলেন, এটি মানুষের বিকল্প নয়; বরং মানবিক দক্ষতাকে আরও শক্তিশালী করে। তবে তথ্য নিরাপত্তা ও নৈতিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও দায়িত্বশীল ব্যবহার অত্যাবশ্যক। এ প্রশিক্ষণ কর্মসূচি বাউবিকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মো. মুমিনুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, কর্মক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ, অফিস অটোমেশনে চিঠি, নোট ও রিপোর্ট ড্রাফটিং, পরীক্ষা সংক্রান্ত ডাটা বিশ্লেষণ ও অটোমেশন, নৈতিকতা, তথ্য নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রোজেক্টরের মাধ্যমে ডিজিটাল উপস্থাপনায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখানো হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। এতে বাউবির বিভিন্ন স্কুল ও বিভাগ থেকে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 
















