
নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জয়দেবপুর রাজবাড়ী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান রেজার নেতৃত্বে সমাবেশে উপস্থিত হয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেন, “এই বাংলায় আর কোনো প্রকার ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং তাদের দোসরদের ঠাঁই হবে না। দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে গাজীপুর মহানগর বিএনপি শক্ত হাতে তার প্রতিবাদ গড়ে তুলবে।”
তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিজস্ব সংবাদ : 

















