
আক্তার হোসাইনঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের নয়টি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেছেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিকদার। এ সময় তিনি পূজামণ্ডপ য়্যগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (১৮ অক্টোবর) বাড়ীয়া ইউনিয়নের জামুনা, কেশরিতা, পাকুরিয়া, রেওলা, বাড়ীয়া, সারাইয়া, ছোট কয়ের ও বড় কয়ের এলাকার পূজামণ্ডপ ও দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে দেলোয়ার হোসেন সিকদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ।
তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করবেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন আমি আপনাদের কাছে আর্শিবাদ নিতে এসেছি যেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
এ সময় বাড়ীয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান দেলোয়ার হোসেন সিকদার।
নিজস্ব সংবাদ : 










