
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১০টি গুদাম। এ ঘটনায় আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝুটের গুদামগুলোতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ১০টি ঝুটের গুদাম পুড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বসতবাড়ি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিজস্ব সংবাদ : 










