
নবজাতকের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে চালু হয়েছে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (SCANU)। এর মাধ্যমে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ নবজাতকদের বিশেষ পরিচর্যা ও চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হলো।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলক্রসিং-সংলগ্ন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে নবনির্মিত এ ইউনিটের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডেন্টাল) পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম কামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. খলিলুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. এনামুল হক ও সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ খাইরুজ্জামান। এ ছাড়া গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বখতিয়ার উপস্থিত ছিলেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল মোল্লা। অনুষ্ঠানে গাজীপুর জেলা, উপজেলা ও মহানগর হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন হাসপাতালের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মসজিদের খতিবরাও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টদের আশা, গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে SCANU চালুর ফলে গাজীপুরে নবজাতকের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। এতে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ নবজাতকদের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে নেওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে সময়মতো চিকিৎসা, দক্ষ জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং কার্যকর সংক্রমণ প্রতিরোধব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ব্যবস্থার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে নবজাতকের চিকিৎসার মানোন্নয়নে ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে নবজাতকদের সুস্বাস্থ্য, হাসপাতালের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিজস্ব সংবাদ : 










