
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ভবানীপুরে ক্লাবের নিজস্ব মাঠে ২য় রাউন্ডের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান মিয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সিকদার।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে। অথচ সুস্থ জীবনযাপন, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। এলাকার তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন।

খেলাধুলা, সামাজিক কল্যাণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালপুর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুল রশিদ।
অনুষ্ঠানে আমন্ত্রণে ছিলেন ভবানীপুর সূর্যোদয় বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদুল ইসলাম রিয়াদ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নেন।
ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব সংবাদ : 










