
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে কলেজ গেইট একতা যুব সংঘের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপলক্ষে মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুবকর ছিদ্দিক। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী নছ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুবকর ছিদ্দিক বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, সুস্থ জীবনযাপন নিশ্চিত করা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। স্থানীয় তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হলে ক্রীড়াচর্চার পরিবেশ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিজস্ব সংবাদ : 










