
বিশেষ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
মঙ্গলবার মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র ভজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
নিজস্ব সংবাদ : 










