
বিশেষ প্রতিনিধি: দারিদ্র্য ও অসচ্ছলতার বাধা পেরিয়ে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরে ৭৩ জন দরিদ্র ও দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দিয়েছে গাজীপুর জেলা পরিষদ। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা এবং পরিবারের আর্থিক সংকট নিরসনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
চলতি বছর পাঁচ শতাধিক নারীকে এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া শুধু একটি সহায়তা কার্যক্রম নয়, বরং তাঁদের উপার্জনের পথ তৈরি করার উদ্যোগ। যথাযথভাবে এসব মেশিন কাজে লাগাতে পারলে নারীরা ঘরে বসেই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে পরিবারের আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটানোর সক্ষমতাও বাড়বে।
তাঁরা বলেন, দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদি সুফল পেতে হলে অসচ্ছল মানুষের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি করা জরুরি। বিশেষ করে নারীদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া গেলে পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সেলাই মেশিনের মতো কর্মসংস্থানমুখী উপকরণ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করতে পারে।
বক্তারা আরও বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী পরিবার ও সমাজের শক্তি। নারীরা নিজেরা আয় করতে পারলে পরিবারের ব্যয় নির্বাহ, সন্তানদের লেখাপড়া এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগে উপকারভোগী নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁদের প্রত্যাশা, বিতরণ করা সেলাই মেশিনগুলো অলস পড়ে না থেকে উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন।
গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তাঁদের দক্ষতা কাজে লাগানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী পাঁচ শতাধিক নারীকে সেলাই মেশিন দেওয়া সম্ভব হলে আরও বেশি পরিবার উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
নিজস্ব সংবাদ : 










