
বিশেষ প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষি গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএআরআইয়ের প্রধান কার্যালয়ে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বিএআরআইয়ের জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষিবিষয়ক গবেষণার প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তাঁর বক্তব্যে ফসলের সংরক্ষণব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের কৃষিকে বিশ্ববাজারের চাহিদা ও মানের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএআরআইয়ের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, বিএআরআইয়ের বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 










