
গাজীপুর প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে জেলার প্রায় ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। একই সঙ্গে প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করা এবং শব্দদূষণ কমাতে জেলা প্রশাসনের কর্মসূচিতে সহযোগিতার অঙ্গীকার করেছেন পরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিরা।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসনের ১৫ সপ্তাহব্যাপী ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ কর্মপরিকল্পনার অষ্টম সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে যানবাহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
সভায় পরিবহন সংশ্লিষ্টরা বলেন, নগরীর সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাত দখল করে বাজার বসানো এবং পথচারী ও চালকদের অসচেতনতার কারণে যানজট তৈরি হচ্ছে। এসব পরিস্থিতিতে অনেক চালক অতিরিক্ত হর্ন ব্যবহার করছেন। ফলে নগরবাসীকে প্রতিনিয়ত শব্দদূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য চালক, পরিবহন মালিক, শ্রমিক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তারা।
সভায় সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর জেলাকে আমরা শান্তির গাজীপুর করতে চাই। শব্দদূষণমুক্ত রাখতে চাই এবং যানবাহনের হর্নের যন্ত্রণা থেকে মুক্ত রাখতে চাই। তবে একেবারে মুক্ত রাখা সম্ভব না হলেও নিয়মের মধ্যে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।”
তিনি বলেন, প্রয়োজন ছাড়া হর্ন বাজানো উচিত নয়। হর্নের ব্যবহার হওয়া উচিত শুধু নিজেকে বিপদমুক্ত রাখার জন্য, অন্যকে বিপদে ফেলার জন্য নয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বোঝাতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, তিনি কোনো হর্ন না বাজিয়ে ৩২ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে এসেছেন। এতে প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করেও সড়কে চলাচল করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সভায় পরিবহন মালিকরা জানান, জেলার প্রায় ১ হাজার ৫০০ যানবাহনে থাকা অবৈধ হাইড্রোলিক হর্ন আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করা হবে। জেলা প্রশাসক পরিবহন মালিকদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, গাজীপুর পরিবহন মালিক সমিতির সদস্য ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়নসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানো, প্রয়োজন ছাড়া হর্ন না বাজানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এর মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক, চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রম শুরু করা হয়।
নিজস্ব সংবাদ : 










