
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের ভবানীপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ঘটে।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জয়নাল আবেদীন রিজভী বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বলিষ্ঠ ও দূরদর্শী নির্দেশনায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন। স্বৈরাচারী শাসনের পতন হলেও তার দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ ও এর সহযোগীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ক্ষমতা হারিয়ে যারা দেশকে অস্থিতিশীল করা, বিভেদের রাজনীতি ছড়ানো কিংবা পেছনের দরজা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। দেশের জাগ্রত জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকতে চায়। তাই কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা যাবে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে এ ধরনের অপচেষ্টা টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার মণ্ডল, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিফ সরকার, গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং গাজীপুর সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশের শেষ পর্যায়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জয়নাল আবেদীন রিজভী।
নিজস্ব সংবাদ : 










