
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়নের ২ নম্বর কাগারচর ওয়ার্ডের বিভিন্ন গ্রামীণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব সড়কে ইটের রাবিস ফেলে সংস্কারকাজ করেন। এতে তালতলা বাজার থেকে বটতলা বাজার পর্যন্ত সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ চলাচলের উপযোগী হয়েছে।
সংস্কার করা অংশগুলোর মধ্যে রয়েছে মৌলা বাড়ির সামনের সড়ক, গ্রিসপ্রবাসী গোলাপের বাড়ির সামনের রাস্তা, আব্দুল লতিফের বাড়ির সামনের অংশ এবং ৫২ নম্বর কাগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক। এ ছাড়া ওয়ার্ডের বিভিন্ন গ্রামের আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত সড়কে ইটের রাবিস ফেলে সংস্কার করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ব্যক্তিগত উদ্যোগে সড়কগুলো সংস্কার করায় আপাতত মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
হাসান আহমেদ রমজান বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার মূল লক্ষ্য। সরকারি বরাদ্দ বা প্রকল্পের অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এলাকার যেসব সড়ক বেশি ক্ষতিগ্রস্ত, পর্যায়ক্রমে সেগুলোও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধি বা সরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে গ্রামীণ সড়কের সাময়িক দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।
নিজস্ব সংবাদ : 


















