
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সার্বিক পরিবেশ রক্ষা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা প্রশাসকের খাস জমিতে নির্দিষ্ট স্থানে ডাম্পিং স্টেশন স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায়’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
আবু বকর সিদ্দিক বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের মানুষের সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে জেলা প্রশাসকের খাস জমিতে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করা প্রয়োজন।
তিনি বলেন, জনস্বার্থে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে ভাওয়ালগড় ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়নে পরিণত করা সম্ভব।
মতবিনিময় সভায় আবু বকর সিদ্দিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু বর্জ্য অপসারণ নয়, বর্জ্য ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করা গেলে যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা কমবে এবং ইউনিয়নের পরিবেশ অনেকটাই উন্নত হবে।
সভায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ভাওয়ালগড় ইউনিয়নকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়ে উপস্থিত সবাই একমত পোষণ করেন।
নিজস্ব সংবাদ : 










