
গাজীপুর মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে একাধিক অবকাঠামো প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে। রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগের পাশাপাশি শিববাড়ী থেকে রথখোলা পর্যন্ত ওভারপাস নির্মাণ এবং ওয়াকওয়ে তৈরির সম্ভাব্য স্থানও যৌথভাবে পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
বুধবার (১২ আগস্ট) প্রস্তাবিত সড়ক প্রশস্তকরণ, ওভারপাস নির্মাণ এবং ওয়াকওয়ে তৈরির স্থান সরেজমিন পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, যান চলাচলের পরিস্থিতি এবং প্রকল্পগুলোর সম্ভাব্য বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে শিববাড়ী থেকে রথখোলা পর্যন্ত ওভারপাস ও ওয়াকওয়ে নির্মাণের সম্ভাব্য স্থানও যৌথভাবে ঘুরে দেখা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সড়ক প্রশস্তকরণ, ওভারপাস ও ওয়াকওয়ে নির্মাণের কাজ পরিকল্পিত, সমন্বিত এবং জনবান্ধবভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানান, রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত সড়কটি মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর। একইভাবে শিববাড়ী-রথখোলা অংশে ওভারপাস ও ওয়াকওয়ে নির্মিত হলে যানবাহনের গতি বৃদ্ধি, যানজট হ্রাস এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা সহজ হবে।
নগরবাসীর প্রত্যাশা, সড়ক প্রশস্তকরণ, ওভারপাস ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরীর যোগাযোগব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যস্ততম এ করিডোরে যানজট অনেকাংশে কমে যাবে।
বিশেষ প্রতিনিধি 



















