
টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আলীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। একই সঙ্গে ওই এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সোমবার টেন্ডার আহ্বান এবং মাদ্রাসার উভয় পাশে স্পিডব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সিটি করপোরেশন।
রোববার (৯ আগস্ট) তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এসব ঘোষণা দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
তিনি বলেন, আগামী মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করা হবে। পাশাপাশি সোমবার গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে। ঠিকাদার নিয়োগের পর দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে মাদ্রাসার উভয় পাশে স্পিডব্রেকারও নির্মাণ করা হবে।
প্রশাসক আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
এ সময় তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের সমালোচনা করে বলেন, অপরিকল্পিত এ প্রকল্পের কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাঁর দাবি, এটি বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একটি জ্বলন্ত দৃষ্টান্ত।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় কভার ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। এর প্রতিবাদে এবং নিরাপদ পারাপারের দাবিতে রোববার সকাল থেকে কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন।
নিজস্ব সংবাদ : 










