
মোঃ রাকিব হোসেনঃ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অভিযানের স্বীকৃতিস্বরূপ অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার টিমকে পুরস্কৃত করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার আনুষ্ঠানিকভাবে ওসি আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
জানা গেছে, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। ওসি মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জিএমপি কর্তৃপক্ষ জানায়, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ওসি আমিনুল ইসলাম ও তার টিমকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 









