
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮তম কর্পোরেশন সভা শনিবার (২৩ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব (ভারপ্রাপ্ত) সানিউল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
সভায় নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, রাজস্ব ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল), রাজস্ব, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নাগরিকবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক গাজীপুর গড়ে তুলতে গৃহীত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব সংবাদ : 










