
মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় গাজীপুর সদর মেট্রো থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার (১৩ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক বিশেষ মাদকবিরোধী অভিযানে সদর থানা পুলিশের নেতৃত্বে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়, যা জিএমপির চলমান মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।
এই অভিযানে দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সদর জোনের এসি (ক্রাইম), সদর থানার ওসি আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করেন জিএমপির পুলিশ কমিশনার। পরে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 










