
গাজীপুরের ঐতিহ্যবাহী বৃহত্তর জয়দেবপুর বাজারে যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩৭ জন নিরাপত্তা কর্মীকে নতুন পোশাক প্রদান করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এসব পোশাক বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সিটির সচিব মো. আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খান।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “জয়দেবপুর বাজার নগরীর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। নিরাপত্তা কর্মীদের জন্য নতুন পোশাক সরবরাহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবির অংশ।” তিনি আরও জানান, বাজারে সিসি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পুকুর পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা বলেন, দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল ও অপর্যাপ্ত নিরাপত্তা সমস্যা সমাধানে নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে দায়িত্ব পালন করছে। চুরি ও ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে ব্যবসায়ীরা সজাগ।
নিজস্ব সংবাদ : 


















