
শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির নির্দেশনায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জয়নাল আবেদীন রিজভী বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন অব্যাহত রাখাও জরুরি। শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি, শিল্পকারখানা ধ্বংস কিংবা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রিজভী আরও বলেন, ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে।’ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শিল্পকারখানার নিরাপত্তা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
অবস্থান কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন মাস্টার, আযাহার মন্ডল, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 









