
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি নিরসন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ইউনিয়ন ভূমি অফিস স্থাপন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রিজভী। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন তিনি।
স্থানীয় পর্যায়ে মৌলিক নাগরিক সেবার সীমাবদ্ধতার কথা তুলে ধরে জয়নাল আবেদীন রিজভী বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। বিশেষ করে চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি, ভূমিসংক্রান্ত কাজে হয়রানি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের অন্যতম প্রত্যাশা। এসব সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, গাজীপুর সদর উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য গাজীপুর মহানগরী কিংবা আশপাশের উপজেলায় যেতে হচ্ছে। এতে রোগীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি চিকিৎসা গ্রহণেও বিড়ম্বনায় পড়তে হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
ভূমিসেবা প্রসঙ্গে তিনি বলেন, ভাওয়ালগড় ইউনিয়নে একটি ভূমি অফিস প্রতিষ্ঠা করা গেলে স্থানীয় বাসিন্দাদের জমিজমা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ সহজ হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। জনগণের ভোগান্তি কমিয়ে সরকারি সেবা সহজলভ্য করাই হওয়া উচিত স্থানীয় উন্নয়নের অন্যতম লক্ষ্য।
‘মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’—এমন প্রত্যয় ব্যক্ত করে রিজভী বলেন, মাদকের বিস্তার যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের শিক্ষা, খেলাধুলা ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী রিজভী আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। ভাওয়ালগড় ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সেবাবান্ধব জনপদে রূপান্তর করতে হলে নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে জয়নাল আবেদীন রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সহযোগিতা ও দিকনির্দেশনায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
তিনি জানান, ভাওয়ালগড় ইউনিয়নের স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, ভূমি অফিস স্থাপনের উদ্যোগ, সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠন হবে তাঁর অগ্রাধিকার। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
জয়নাল আবেদীন রিজভী বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা। দল-মতনির্বিশেষে ভাওয়ালগড়ের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।
ভাওয়ালগড় ইউনিয়নকে একটি উন্নত, মাদকমুক্ত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
নিজস্ব সংবাদ : 










