
স্টাফ রিপোর্টারঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতার কারণে তাকে নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগ, বিপদে-আপদে পাশে থাকা এবং নাগরিক সমস্যা সমাধানে আন্তরিকতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জয়নাল আবেদীন রিজভী দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ প্রায় ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড ও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, জয়নাল আবেদীন রিজভী চেয়ারম্যান নির্বাচিত হলে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সেবা সহজীকরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যাকে যেকোনো প্রয়োজনে কাছে পাওয়া যাবে। যিনি মানুষের কথা শুনবেন, সমস্যা সমাধানে আন্তরিক থাকবেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। জয়নাল আবেদীন রিজভী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।”
এদিকে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর জয়নাল আবেদীন রিজভী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। নির্বাচিত হলে ভাওয়ালগড় ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানা যায়।
নিজস্ব সংবাদ : 










