
গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সোমবার (৫ অক্টোবর) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে প্রায় ৩৮টি ঘর পুড়ে যায়। এতে কয়েকটি পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ে।
সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে বর্তমানে কী ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছেন, তা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিশষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অগ্নিকাণ্ডের পর ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। স্থানীয়রা এসব পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 










