
স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রাস্তা কেটে ড্রেন নির্মাণ, অনিয়ম, দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ এনে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিককে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ওই সংবাদে উপস্থাপিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, এই ড্রেন নির্মাণ বা রাস্তা কাটার সঙ্গে আবু বকর সিদ্দিকের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই।
স্থানীয়রা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন আবু বকর সিদ্দিক। জনগণের মাঝে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়ায় তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এমন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
এ বিষয়ে আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এই বিষয়ে কিছুই জানি না। ওই রাস্তার বিষয়ে আমার কোনো ধারণাই নেই। রাস্তা কাটা, ড্রেন নির্মাণ বা এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।”
তিনি আরও জানান, সংবাদ পরিবেশনের আগে তার কাছ থেকে কোনো তথ্য বা বক্তব্য গ্রহণ করা হয়নি। সত্যতা যাচাই না করে সম্পূর্ণ একতরফাভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
স্থানীয় অনুসন্ধানে জানা যায়, ড্রেন নির্মাণ ও রাস্তা সংক্রান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় আবু বকর সিদ্দিকের কোনো ভূমিকা ছিল না। একটি কুচক্রী মহলের ষোড়যন্ত্রমূলক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি ছড়িয়েছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।
নিজস্ব সংবাদ : 

















