
আক্তার হোসাইনঃ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গাজীপুরে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার পেয়েছেন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী।
আজ রোববার (১৬ আগষ্ট) দুপুরে গাজীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর আলহাজ্ব আবু তাহের মুসুল্লী বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে মৎস্যচাষি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা প্রয়োজন।
তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচি, মৎস্য খাতের সম্ভাবনা এবং গাজীপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব সংবাদ : 










