
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল পরিণত হয়েছিল রুদ্ধশ্বাস এক লড়াইয়ে। নির্ধারিত সময়ের সমতা ভেঙে শেষ পর্যন্ত টাইব্রেকারে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
শুক্রবার বিকেলে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঝমাঠের দখল, দ্রুত পাল্টা আক্রমণ এবং গোলের একাধিক সুযোগে ম্যাচটি ছিল উপভোগ্য। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ থাকায় শিরোপা নির্ধারণের দায়িত্ব যায় টাইব্রেকারে। সেখানে বিকেএসপির খেলোয়াড়রা স্নায়ুচাপ সামলে সফলভাবে গোল আদায় করলেও প্রতিপক্ষের দুটি শট প্রতিহত করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গোলরক্ষক মাহিন।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় তিনি বলেন, খেলাধুলার প্রসার ঘটাতে এবং তরুণদের সুস্থ ধারায় সম্পৃক্ত রাখতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিকেএসপির গোলরক্ষক মাহিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে একরাম স্মৃতি ফুটবল একাডেমির সুমন সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া বিভিন্ন বিভাগে কৃতিত্ব দেখানো খেলোয়াড়দেরও সম্মাননা দেওয়া হয়।
খেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরীফ উদ্দীন, বিএনপি নেতা মীর হালিমুজ্জান মনী, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
দেশের বিভিন্ন জেলার ১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে শুরু থেকেই ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। ফাইনালের দিন গ্যালারির প্রতিটি আসন পূর্ণ হয়ে যায়; মাঠের চারপাশেও অবস্থান নেন অসংখ্য ফুটবলপ্রেমী। আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দলকে তিন লাখ এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, তরুণদের মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আসর গাজীপুরের ফুটবল অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে।
নিজস্ব সংবাদ : 










