
গাজীপুর মহানগরীর সদর থানার বিশেষ অভিযানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম রোববার (২৫ মে) রাতে ধীরাশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে মোঃ নয়ন খান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নয়ন খান কাপাসিয়া উপজেলার পাপলা চামুরী চানপুর এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে গাছা থানার গুতিয়ারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জিএমপি’র চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
নিজস্ব সংবাদ : 










