
গাজীপুরে ভোটযুদ্ধ শেষে স্পষ্ট বার্তা দিয়েছে জনরায়। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একমাত্র কাপাসিয়া আসনে বিজয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।
গাজীপুর–১ আসনে বিএনপির মো. মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। শুরু থেকেই এগিয়ে থেকে শেষ পর্যন্ত ব্যবধান বাড়ান মজিবুর।
এ আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ টি। এখানে ৫৩.০২ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর–২ আসনে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) প্রার্থী আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন রনি।
এ আসনে মোট ভোটার ৮ লক্ষ ৪ হাজার ৩৩৩ টি। এখানে ৪৪ দশমিক ৬৯ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর–৩ আসনে বিএনপির এস এম রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৩৬৯ টি। এখানে ৫৭ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট। বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৯৭৭টি। এখানে ৬১.৬৫ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর–৫ আসনে বিএনপির এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৪ হাজার ৬৪৩ টি। এখানে ৬৪.৮৩ ভাগ ভোটার ভোটা প্রদান করেছেন।
চার আসনে জয় পেয়ে গাজীপুরে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিশ্চিত করল বিএনপি। অন্যদিকে কাপাসিয়ায় জয় তুলে নিয়ে নিজেদের উপস্থিতির জানান দিল জামায়াতে ইসলামী। জেলার রাজনীতিতে এই ফল নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নিজস্ব সংবাদ : 

















