
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।
সভায় জিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল শামীম আহমেদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। গত ১ সেপ্টেম্বর কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত এই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তাসহ প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জিএমপির নিজস্ব সরকারি জমিতে পুলিশ লাইন্স স্থাপন এবং পর্যায়ক্রমে মহানগর পুলিশের সব থানার জন্য সরকারি জমির ব্যবস্থা করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ফোর্সের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেন দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এরপর দুপুর ১২টায় জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
অপরাধ পর্যালোচনা সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে থাকা অনুদঘাটিত মামলাগুলো দ্রুত তদন্তের মাধ্যমে উদঘাটন ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 



















