
পুনর্বাসন ছাড়া টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী উড়াল সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে হাজীর মাজার বস্তি থেকে বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসীরা। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন বস্তির বাসিন্দারা।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বস্তিবাসীরা বলেন, বছরের পর বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ করে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা তা মেনে নেবেন না। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হলে বস্তিবাসীরা সড়ক থেকে সরে যান। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল হোসেন বলেন, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিজস্ব সংবাদ : 










