
গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ৯৬৩ ফুট গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে। নলকূপটি স্থাপনে ব্যয় হয়েছে ১ কোটি ৫৯ লাখ টাকা। শুক্রবার (২১ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপটির উদ্বোধন করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকটের কথা বিবেচনায় নিয়ে এই গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দাদের নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহের সমস্যা অনেকটাই নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
নলকূপ উদ্বোধন শেষে প্রশাসক মো. শওকত হোসেন সরকার স্থানীয়দের সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
সভায় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করায় সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
নিজস্ব সংবাদ : 










