
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকায় জাতীয় পর্যায়ে উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুরেও আঞ্চলিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেলায় মোট ১০টি স্টল স্থান পেয়েছে।
মেলা উপলক্ষে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যক্তির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিব হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এবং টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় জেলার ভূমিসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, টঙ্গী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জেলা রেজিস্ট্রার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখা ও ভূমি অধিগ্রহণ শাখাসহ বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। সাধারণ মানুষ যাতে সহজে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই ভূমিসেবা পেতে পারেন, সে জন্য বর্তমান সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “ই-নামজারি ও অনলাইন সেবাসহ সরকারের গৃহীত আধুনিক পদক্ষেপের মাধ্যমে মানুষ দ্রুত ভূমিসেবা লাভ করবে বলে আমরা আশাবাদী।” একই সঙ্গে তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব সংবাদ : 










