
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অনলাইনভিত্তিক সেবার প্রতি নাগরিকদের আগ্রহ ও সচেতনতা বাড়াতে গাজীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ মে) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মইন খান এলিসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, জেলার কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে ভাওয়াল রাজবাড়ী চত্বরে নাটমন্দির প্রাঙ্গণে। একই সময়ে জেলার প্রতিটি উপজেলা ভূমি অফিসেও সমন্বিতভাবে মেলার আয়োজন করা হবে।
মেলায় ভূমি প্রশাসনের বিভিন্ন দপ্তরের পৃথক স্টল থাকবে, যেখানে সেবাগ্রহীতারা সরাসরি প্রয়োজনীয় তথ্য ও তাৎক্ষণিক সেবা নিতে পারবেন। বিশেষ করে ই-নামজারি আবেদন ও নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ানের প্রত্যয়িত কপি সংগ্রহ, মৌজা ম্যাপের আবেদন, খাস জমি বন্দোবস্ত, ভিপি লিজ নবায়ন এবং ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে আরও সম্পৃক্ত করা এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলার প্রথম দিনে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভূমি আড্ডা’, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শেষ দিনে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক বিশেষ সেমিনার, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এ আয়োজনের।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুরবাসীকে মেলায় অংশ নিয়ে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 










