
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শওকত হোসেন সরকার। ছুটির দিনেও মাঠে থেকে উন্নয়ন কার্যক্রম তদারকি করে নগরবাসীর কাছে দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
শনিবার (১৬ মে) নগরীর টঙ্গী কলেজ গেট এলাকার বিআরটিএ স্টেশন ও ফুটওভার ব্রিজ এলাকা পরিদর্শন করেন প্রশাসক। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘদিন অচল থাকা ফুটওভার ব্রিজগুলো দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রশাসক গাছা রোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং চলমান সড়ক উন্নয়ন কাজও ঘুরে দেখেন। কাজের গতি আরও বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্টদের।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “১৮০ দিনের চ্যালেঞ্জ সফল করে গাজীপুরবাসীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে প্রশাসকের এমন মাঠমুখী কার্যক্রমে গাজীপুরজুড়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।
নিজস্ব সংবাদ : 










