
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও কর্মসংস্থানে যুক্ত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে ৫৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি এবং চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, উপকারভোগীদের আগে থেকেই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে, যাতে তারা কর্মক্ষেত্রে সক্ষমতার সাথে কাজ করতে পারেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম দেওয়ার ঘোষণা দেন তিনি।
এসময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের আলিঙ্গন করেন এবং সরকারের সকল সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসনের এমন আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে উপকারভোগীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব সংবাদ : 










