
গাজীপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এবং গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তারা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, চাঁদাবাজি দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং থানায় সেবা প্রাপ্তি সহজীকরণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
সভা শেষে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।
নিজস্ব সংবাদ : 










