
আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপকারভোগী নির্ধারণ, তথ্যভাণ্ডার প্রস্তুত, কার্ড বিতরণ পদ্ধতি এবং তদারকি ব্যবস্থার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা হয়। সরকার মনে করছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে এটি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।
এদিকে, একই দিনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা জোরদার এবং পরিবেশবান্ধব উন্নয়ন কৌশলের অংশ হিসেবেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব সংবাদ : 



















