
গাজীপুর মহানগরীর ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র বৃহত্তর জয়দেবপুর বাজার অবৈধ দখল, ভাসমান দোকান ও অনিয়মের জাঁতাকলে পড়ে কার্যত অচল হয়ে পড়েছে। ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাট এবং অনিয়ন্ত্রিত অটো ও ইজি বাইকের দৌরাত্ম্যে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
এই দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবিতে বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জয়দেবপুর বাজার মুক্তমঞ্চে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী রতন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার শহীদুল ইসলাম, সদর থানার ওসি আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে রায়হান আল মাহমুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে জয়দেবপুর বাজারের ফুটপাত অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে সাধারণ মানুষ চলাচলের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, যার ফলেই প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও অবৈধ ব্যবসায়ীরা কোনো কথা শুনছে না। কোনো অদৃশ্য শক্তি বা চক্রের মদদে বছরের পর বছর ধরে এই অনিয়ম চলতে পারে না। প্রশাসনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করা গেলে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে এবং শহর যানজটমুক্ত হবে।
অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের পথ—এখানে কোনোভাবেই ব্যবসা করা যাবে না। অবিলম্বে ফুটপাত দখল ছেড়ে দিতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, জয়দেবপুর বাজার ও রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে মানুষ রাস্তায় চলাচল করছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ অটো রিকশা ও ইজি বাইকের অবাধ চলাচল গাজীপুর শহরকে যানজটের নগরীতে পরিণত করেছে। এতে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা দ্রুত প্রশাসনের পূর্ণ সহযোগিতায় জয়দেবপুর বাজারসহ গাজীপুর শহরের সব ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ এবং অবৈধ অটো ও ইজি বাইক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ জন্য গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, জেলা পরিষদ, সদর থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
অবস্থান কর্মসূচি থেকে ব্যবসায়ী কমিটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, জনদুর্ভোগ নিরসন ও নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
মোঃ মনিরুজ্জামান 


















