
বিশেষ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জীবিকা ও আয়-রোজগারে ঝুঁকিতে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে গাজীপুরে জলবায়ু-সহনশীল নারী উদ্যোক্তাদের মধ্যে অনুদান প্রদান ও স্বীকৃতি দেওয়া হয়েছে। ৩সি প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুদান প্রদান ও স্বীকৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান এবং গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ এম আশরাফ হোসাইন টুলু।
অনুষ্ঠানে ৩সি প্রকল্পের আওতায় নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের উদ্যোগ ও সক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা টেকসই করতে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততার বিষয়টি অনুষ্ঠানে গুরুত্ব পায়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পরিবারের নারীরা নানা সংকটে পড়ছেন। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে একদিকে পরিবারের আয় বাড়বে, অন্যদিকে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতাও বাড়বে।
অনুদানপ্রাপ্ত নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোগকে আরও সম্প্রসারণের মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সেবা গ্রহীতা নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 










