
সার সংকটের কারণ, কৃষকের চাহিদা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং সংকট মোকাবিলায় করণীয় তুলে ধরে গাজীপুর সদর উপজেলায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা কৃষকদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি দেশে সার সংকটের বিভিন্ন কারণ, সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের ফলে সারাদেশে কৃষকদের সারের যে চাহিদা রয়েছে, তা পূরণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আবু বকর সিদ্দিক বলেন, আগামী মৌসুমে দেশের সব কৃষকের হাতে যথাযথভাবে কৃষি কার্ড পৌঁছে যাবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে প্রত্যেক কৃষক তাঁদের চাহিদামতো সার পাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্য শেষে সুশৃঙ্খলভাবে লিফলেট বিতরণ কর্মসূচি সফল করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান আবু বকর সিদ্দিক। একই সঙ্গে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও গাজীপুর-৩ আসনের নেতাকর্মীদের পক্ষ থেকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন, কাজী শহিদুল্লাহ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, হাজি আরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ করা লিফলেটে বলা হয়, কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও বেশি দামে সার বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানো প্রয়োজন। অনিয়মে জড়িতদের জরিমানা ও শাস্তির পাশাপাশি প্রয়োজন হলে ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রাখা এবং প্রয়োজন অনুযায়ী নতুন করে সার আমদানির অনুমোদনের বিষয়টিও তুলে ধরা হয়।
লিফলেটে সংশোধিত সার ডিলার নীতিমালার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলা হয়, একজন ব্যক্তি একাধিক ডিলারশিপ রাখতে পারবেন না। ডিলারের নিজস্ব গুদাম ও বিক্রয়কেন্দ্র থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সার সরবরাহ ও বিক্রির ওপর নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
লিফলেটে সার সরবরাহের তথ্য সংরক্ষণে বারকোড বা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, পর্যাপ্ত সার মজুত গড়ে তোলা এবং সমন্বিত জাতীয় সার নিরাপত্তা কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
নিজস্ব সংবাদ : 

















