
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার পেয়েছে। আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে বিএনপির নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। তাঁর নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ ও বর্তমান রাজনৈতিক প্লাটফর্ম গড়ে উঠেছে বহু নেতাকর্মীর রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনো আপস করেনি। দলের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপি বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে—গণতন্ত্রের প্রশ্নে দলটি কখনো আপস করেনি। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল কিংবা দমিয়ে রাখা যাবে না। অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে ঐক্যবদ্ধ থেকে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
তারেক রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে হাবিবুর রশিদ বলেন, “সবার আগে আমরা, আমাদের আগে বাংলাদেশ। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।
তিনি ব্যক্তিস্বার্থে দলে সুযোগসন্ধানীদের ভেড়ানোর বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপি মূলধারার জনগণের দল এবং জনগণই এই দলের প্রধান শক্তি। স্বৈরাচারী শাসনামলে সীমাহীন অত্যাচার-নির্যাতন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিলেন। আগামীতেও তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এবং গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















