
মো: রাকিব হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪-এর বিভিন্ন ওয়ার্ডে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে একযোগে ৮টি সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নং ওয়ার্ডের নলজানি, ৩১ নং ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম বাজার, ৩০ নম্বর ওয়ার্ডের কানাইগ্রাম, ২৮ নং ওয়ার্ডের উত্তর ছায়াবীথি ও বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকা এবং ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া গ্রামে বিভিন্ন সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে যোগাযোগ ব্যবস্থা সহজ করাই গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান উদ্দেশ্য। অবকাঠামোগত উন্নয়ন, সড়ক নির্মাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনবান্ধব নগরী গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের সড়ক আধুনিক, নিরাপদ ও চলাচলের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রশাসক আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নগরবাসীর পূর্ণ সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরবাসীকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব শহর উপহার দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব সংবাদ : 

















