
বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি সমাজের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। জেলা পরিষদ সব সময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, শিক্ষা খাতে বিনিয়োগই একটি উন্নত সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে সরকারি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নির্বাচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
আয়োজকরা জানান, গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 









