
মোঃ রাকিব হোসেনঃ গাজীপুরের অন্যতম প্রধান সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের তীব্র যানজট নিরসনে বড় ধরনের অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিববাড়ি মোড়ের বিআরটিএ স্টেশন থেকে রথখোলা মাঠ পর্যন্ত প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে একটি ওভারপাস নির্মাণ করা হবে।
সোমবার (০৩ আগষ্ট) নগরীর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এ তথ্য জানান। এ সময় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূবাইল কলের বাজার পর্যন্ত নির্মাণাধীন ৬০ ফুট প্রশস্ত সড়কের কাজও সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট শুধু গাজীপুর নয়, রাজধানীমুখী যাত্রী ও শিল্পাঞ্চলের পরিবহন ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলে। ওভারপাস নির্মাণ শেষ হলে যান চলাচলে গতি ফিরবে, সময় ও জ্বালানির অপচয় কমবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে আধুনিক, গতিশীল ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব সংবাদ : 









